২০২৪ সালের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সঙ্গে ফোনে কথা বলছিলেন শেখ হাসিনা। কোটা আন্দোলন তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে রাজনৈতিক উত্তেজনার চরম কেন্দ্রে। কথোপকথনের একপর্যায়ে শেখ হাসিনা বললেন, ‘রাজাকার তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব।’ এরপর তাঁর মুখে শোনা গেল আরও তিনটি শব্দ—‘আমি বলে দিছি’।
পরের বছরের নভেম্বরে এই ফোনালাপই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অন্যতম অকাট্য প্রমাণ হয়ে উঠল। আদালত মনে করেছেন, শেখ হাসিনা শুধু ক্ষোভ প্রকাশ করেননি; তিনি হত্যার নির্দেশই দিয়েছিলেন। সেই নির্দেশের সঙ্গে রংপুরে আবু সাঈদের মৃত্যুর সম্পর্কও প্রতিষ্ঠিত হয়েছে বলে রায়ে সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু ওই তিনটি শব্দের আইনি অর্থ কি এতটাই সুনিশ্চিত?
‘আমি বলে দিছি’ বলতে কাউকে একটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া বোঝাতে পারে। আবার কোনো কাজ করার সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, সেটিও বোঝাতে পারে। কার উদ্দেশে, কী করতে এবং কখন বলা হয়েছে—এই প্রশ্নগুলোর সুনির্দিষ্ট উত্তর ছাড়া নিছক তিনটি শব্দ থেকে হত্যার নির্দেশ বের করা আইনত অত্যন্ত জটিল একটি কাজ।
পূর্ণাঙ্গ রায়ে এই কথোপকথনের অনুবাদ ও আইনি ব্যাখ্যা নিয়েও অসংগতি রয়েছে। একই বক্তব্য কোথাও ‘আগেই নির্দেশ দেওয়ার’ অর্থে এসেছে, অন্য জায়গায় তার অনুবাদ ভিন্ন। সাংবাদিক ডেভিড বার্গম্যানও প্রথম আলোয় প্রকাশিত এক বিশ্লেষণে এই কাঠামোগত পার্থক্য দেখিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, কথোপকথনের বিকল্প অর্থ থাকা সত্ত্বেও আদালত কেন নির্দিষ্ট একটি অর্থই চূড়ান্ত হিসেবে গ্রহণ করেছেন, তার পর্যাপ্ত আইনি ব্যাখ্যা রায়ে পাওয়া যায় না।
বিষয়টি কেবল অনুবাদের সূক্ষ্মতার নয়। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগে হত্যার নির্দেশ ও সেই নির্দেশ অনুসারে আবু সাঈদের মৃত্যু—এই অপরাধগণনার যুক্তির সঙ্গে কথোপকথনটি সরাসরি যুক্ত। কোনো রাজনৈতিক নেতার বক্তব্য ভয়ংকর, দায়িত্বজ্ঞানহীন কিংবা সহিংসতায় উসকানিমূলক হতেই পারে। কিন্তু সেই বক্তব্যকে সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের ‘নির্দেশ’ (Order) হিসেবে প্রতিষ্ঠা করতে হলে কথার অর্থের পাশাপাশি নির্দেশের প্রাপক, বাস্তবায়ন এবং পরিণতির মধ্যকার কার্যকারণ সম্পর্ক বা Causal Link সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয়। নইলে নিছক ক্ষোভ, হুমকি ও সরাসরি হত্যার আদেশের মধ্যকার আইনগত সীমারেখা অস্পষ্ট হয়ে পড়ে।
প্রেক্ষাপটের অস্পষ্টতা: ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছিল?
চার দিন পরের (১৮ জুলাই) একটি ফোনালাপের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্য ভিন্ন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলার সময় শেখ হাসিনার কণ্ঠ হিসেবে শনাক্ত করা রেকর্ডিংয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং যেখানে পাওয়া যাবে সেখানে সরাসরি গুলি করার নির্দেশের কথা রয়েছে। এই বক্তব্যের ভাষা ১৪ জুলাইয়ের কথোপকথনের তুলনায় অনেক বেশি নির্দিষ্ট ও ভয়ংকর।
বিবিসি আই, আল-জাজিরা এবং দ্য ডেইলি স্টারের স্বাধীন অনুসন্ধানেও রেকর্ডিংটির সত্যতার পক্ষে গুরুত্বপূর্ণ ফরেনসিক তথ্য পাওয়া গেছে। দ্য ডেইলি স্টার সংশ্লিষ্ট ফোন নম্বর, যোগাযোগের নথি এবং প্রযুক্তিগত পরীক্ষার ফলও মিলিয়ে দেখেছে। তাই এই কথোপকথনকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে বানানো একটি অডিও বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।
কিন্তু সম্পূর্ণ কথোপকথন শুনলে আইনি পর্যালোচনার আরেকটি দরজা খুলে যায়। তাপস তখন বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও মোহাম্মদপুর থানার দিকে লোকজন এগিয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে কথা বলছিলেন। শেখ হাসিনাও এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি আটকে রেখেছিলেন বলে দাবি করেন। এই প্রেক্ষাপটটি আইনি বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কথোপকথনে ব্যবহৃত ‘ওরা’ শব্দটি কাদের বোঝাচ্ছে, তার ওপর নির্দেশের আইনি ব্যাপ্তি নির্ভর করে। সহিংস হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া এবং নির্বিচারে সাধারণ আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ দেওয়া—এই দুটি এক আইনগত ঘটনা নয়।
অবশ্য সহিংস ব্যক্তিদের বিরুদ্ধে বলপ্রয়োগের ক্ষেত্রেও প্রয়োজনীয়তা ও আনুপাতিকতার (Proportionality) আন্তর্জাতিক আইনি সীমা রয়েছে। শুধু কাউকে ‘সন্ত্রাসী’ বললেই তাঁকে গুলি করার অবাধ ক্ষমতা রাষ্ট্র বা বাহিনীর তৈরি হয় না। আর মাঠপর্যায়ে পুলিশ যদি সেই অনুমতি সাধারণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ হিসেবে ব্যবহার করে থাকে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্বের (Command Responsibility) প্রশ্ন থেকেই যায়।
নির্দেশের শৃঙ্খল (Chain of Command) এবং পারিপার্শ্বিক সাক্ষ্য
এখানে ফোনালাপের বাইরের প্রমাণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ট্রাইব্যুনালে জানিয়েছেন, ১৮ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাঁকে শেখ হাসিনার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশের কথা বলেছিলেন। পরে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারের মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের কাছে সেই নির্দেশ পৌঁছানোর বিবরণও দিয়েছেন তিনি।
সুতরাং ১৮ জুলাইয়ের কথোপকথন একমাত্র প্রমাণ নয়। কিন্তু সাবেক আইজিপি আল-মামুন স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে কী বলেছেন, তার প্রত্যক্ষ সাক্ষী হতে পারেন; শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীকে ঠিক কী বলেছেন, সেই অংশে তাঁর তথ্যের উৎস ভিন্ন। ফোনালাপ, মন্ত্রীর বক্তব্য এবং মাঠপর্যায়ে নির্দেশ পৌঁছানোর সাক্ষ্যকে পাশাপাশি মিলিয়ে দেখলেই কেবল নির্দেশের প্রকৃত শৃঙ্খল বা Chain of Command সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।
মূল রায়ের ৪৩৩–৪৩৪ পৃষ্ঠায় আদালত তাপস ও হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনকে অভিযোগ ২ ও ৩-এর গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন। এই দুটি অভিযোগের সঙ্গে ৫ আগস্ট চাঁনখারপুল ও আশুলিয়ায় ছয়জন করে আন্দোলনকারী নিহত হওয়ার ঘটনা যুক্ত। শেখ হাসিনাকে এসব অভিযোগে দোষী সাব্যস্ত করেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
অর্থাৎ, কথোপকথন থেকে আদালতের সিদ্ধান্ত শুধু প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। সেই নির্দেশের সঙ্গে পরবর্তী হত্যাকাণ্ডের সম্পর্কও স্থাপন করা হয়েছে। অথচ ১৮ জুলাইয়ের কথোপকথন এবং ৫ আগস্টের নির্দিষ্ট হত্যাকাণ্ডের মধ্যে প্রায় তিন সপ্তাহের ব্যবধান। সেই দীর্ঘ সময়ের মধ্যে কোন নির্দেশ কার কাছে পৌঁছেছিল, কোথায় বাস্তবায়িত হয়েছিল এবং সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধের ক্ষমতা কার ছিল—এসব প্রশ্নের নির্ভুল উত্তরই সুনির্দিষ্ট অপরাধগত দায় নির্ধারণে অপরিহার্য।
আড়িপাতার বৈধতা: ‘বিষাক্ত গাছের ফল’ ডকট্রিন
এতক্ষণ আলোচনা হলো কথোপকথনের অর্থ এবং তার পরিণতি নিয়ে। কিন্তু রায়ের প্রমাণগত ভিত্তি পরীক্ষা করতে গেলে আইনি শেকড়ের আরও গভীরে যেতে হয়। আদালতে যে অডিও বাজানো হয়েছে, সেটি প্রথম তৈরি হলো কীভাবে?
মামলার তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা জানিয়েছেন, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তিনি এনটিএমসি (NTMC) থেকে শেখ হাসিনার ৬৯টি ফোনালাপ এবং তিনটি মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড সংগ্রহ করেন। পর্যালোচনার পর কয়েকটি কথোপকথন ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়। তদন্তের এই অংশটি নির্দিষ্ট—অডিও কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কবে করা হয়েছে এবং কোন পরীক্ষাগারে পাঠানো হয়েছে, তার বিবরণ রয়েছে। কিন্তু ২৩ ডিসেম্বর তদন্তকারীর হাতে রেকর্ডিং পৌঁছানোর ইতিহাস আর জুলাইয়ে প্রথম কথোপকথন ধারণ করার ইতিহাস এক নয়। এনটিএমসি থেকে একটি অডিও জব্দ করার বৈধতা প্রতিষ্ঠিত হলেও সেটি প্রথম রেকর্ড করার বৈধতা আলাদাভাবে দেখতে হয়।
আন্তর্জাতিকভাবে প্রচলিত সাক্ষ্য আইনের একটি গুরুত্বপূর্ণ ডকট্রিন হলো ‘ফ্রুটস অফ দ্য পয়জনাস ট্রি’ (Fruits of the Poisonous Tree) বা ‘বিষাক্ত গাছের ফল’। এর মূলকথা হলো—প্রমাণ সংগ্রহের উৎস বা গাছটি যদি বিষাক্ত বা বেআইনি হয়, তবে তার ফল বা প্রমাণটি আদালতে গ্রহণযোগ্য হতে পারে না। এই আইনি পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যক্তিগত কথোপকথনে রাষ্ট্রীয় আড়িপাতা নাগরিকের গোপনীয়তার মৌলিক অধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
বাংলাদেশের সংবিধানের ৪৩ অনুচ্ছেদ যোগাযোগের গোপনীয়তা রক্ষার অধিকার দিয়েছে। ২০২৪ সালে কার্যকর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৯৭ক ধারায় রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলার স্বার্থে সরকার অনুমোদিত কর্মকর্তার মাধ্যমে কথোপকথন রেকর্ড করার ক্ষমতা দেওয়া আছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে, পূর্বানুমোদন ছাড়াই যেকোনো কথোপকথনে আড়ি পাতার ঢালাও ক্ষমতা তৈরি হয়েছিল।
এনটিএমসি একটি বৈধ প্রতিষ্ঠান হলেও, সুনির্দিষ্ট কথোপকথন রেকর্ড করার জন্য আইনানুগ অনুমোদন থাকা বাধ্যতামূলক। শেখ হাসিনার নিজের ফোন নম্বর নজরদারিতে না থাকলেও তাঁর সঙ্গে কথা বলা অন্য কারও নম্বর বৈধ নজরদারির আওতায় থাকতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট অনুমোদনের আইনি পরিসরই নির্ধারণ করবে কথোপকথনটি আইনসম্মতভাবে ধারণ করা হয়েছিল কি না। আদালতে এই অনুমোদনের নথি উপস্থাপিত হয়েছিল কি না, তা পূর্ণাঙ্গ আলামত-সূচি ছাড়া বলা কঠিন। তবে ট্রাইব্যুনালের রায়ে কণ্ঠস্বর শনাক্তকরণের বিস্তারিত বৈজ্ঞানিক আলোচনা থাকলেও, প্রথম রেকর্ডিংয়ের আইনি অনুমোদন নিয়ে সমপর্যায়ের নির্মোহ আলোচনা চোখে পড়ে না।
ট্রাইব্যুনালের আইনে স্ববিরোধিতা ও ন্যায্য বিচার (Fair Trial)
এই জায়গায় ট্রাইব্যুনালের নিজস্ব আইনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৪ সালের নভেম্বরের সংশোধনীতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ১৯(১F) উপধারা যুক্ত হয়। সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে সংগৃহীত প্রমাণ নির্দিষ্ট পরিস্থিতিতে অগ্রহণযোগ্য করার সুস্পষ্ট বিধান রয়েছে। অর্থাৎ আইনটি বেআইনিভাবে সংগ্রহ করা প্রত্যেকটি অডিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে না ঠিকই, কিন্তু প্রমাণ সংগ্রহের পদ্ধতিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘন (যেমন—গোপনীয়তার অধিকার হরণ) পাওয়া গেলে তার বিচারিক পরিণতি পরীক্ষা করার আইনি পথ উন্মুক্ত রেখেছে।
সিআইডির ফরেনসিক পরীক্ষা অডিওর সত্যতার পক্ষে সমর্থন দিয়েছে। কণ্ঠস্বর কার, রেকর্ডিংয়ে দৃশ্যমান সম্পাদনা আছে কি না, তা বিজ্ঞান পরীক্ষা করতে পারে। কিন্তু বিজ্ঞান প্রথম আড়িপাতার সরকারি অনুমোদনের আইনি অস্তিত্ব প্রমাণ করতে পারে না।
এই জায়গাতেই বিচারিক প্রক্রিয়ার আরেকটি ঘটনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শেখ হাসিনার বিচার হয়েছে তাঁর অনুপস্থিতিতে (In absentia)। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাঁর পক্ষে বক্তব্য দিয়েছেন, জেরা করেছেন, কিন্তু রায় ঘোষণার দিন তিনি জানিয়েছেন—তিনি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টাই করেননি। একটি কথোপকথনের প্রেক্ষাপট কী ছিল বা অডিওর নির্দিষ্ট বক্তব্যের বিকল্প ব্যাখ্যা কী হতে পারে, সে সম্পর্কে মক্কেলের কাছ থেকে তথ্য নেওয়ার সুযোগ বাস্তবে কতটা ছিল, তা ফেয়ার ট্রায়াল (Fair Trial) বা ন্যায্য বিচারের শর্ত পূরণের ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
বিজ্ঞানের কণ্ঠস্বর বনাম আদালতের রায়
আদালত অবশ্য শুধু ফোনালাপের ভিত্তিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেননি। সাবেক আইজিপির সাক্ষ্য, মাঠপর্যায়ের সহিংসতার তথ্য, চিকিৎসা-নথি, ভিডিও এবং জাতিসংঘের অনুসন্ধানও আমলে নেওয়া হয়েছে। ফলে একটি অডিও নিয়ে আইনি প্রশ্ন উঠলেই গোটা রায়ের ভিত্তি ধসে পড়ে না। কিন্তু একই কারণে সুনির্দিষ্ট অডিওর ব্যাখ্যা ও বৈধতা পরীক্ষা করার আইনি প্রয়োজনীয়তাও শেষ হয়ে যায় না।
কারণ, গুলিতে মানুষ নিহত হয়েছেন—এটি প্রতিষ্ঠার প্রমাণ এবং শেখ হাসিনার নির্দিষ্ট নির্দেশ অনুসারে সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে—এটি প্রতিষ্ঠার প্রমাণের আইনি মানদণ্ড আলাদা। আদালত যখন একটি কথোপকথন থেকে সরাসরি নির্দেশ এবং সেই নির্দেশ থেকে নির্দিষ্ট হত্যাকাণ্ড পর্যন্ত দায়ের সম্পর্ক স্থাপন করেন, তখন মাঝখানের প্রতিটি সিদ্ধান্তের নিজস্ব প্রমাণ ও যুক্তি প্রয়োজন।
কণ্ঠস্বর শনাক্ত করা বিজ্ঞানের কাজ। কিন্তু সেই কণ্ঠে উচ্চারিত কথার আইনি অর্থ ও পরিণতি নির্ধারণ আদালতের পবিত্র দায়িত্ব।
নাগরিকের গোপন কথোপকথন রেকর্ড করার যে ক্ষমতা রাষ্ট্র প্রয়োগ করেছে, তার বৈধতা প্রতিষ্ঠা করাও আইনের শাসনেরই অবিচ্ছেদ্য অংশ। প্রমাণের সত্যতা যত গুরুত্বপূর্ণ, আইনি কাঠাম
