চুক্তি নেই, তবু বিএলআরআইয়ের গবেষণা আন্তর্জাতিক প্রকাশনায়! গবেষকদের স্বীকৃতি নিয়ে বিতর্ক, সেমিনারের অর্থায়নেও প্রশ্ন
সংশ্লিষ্টদের অভিযোগ, বিএলআরআইয়ের নিজস্ব রাজস্ব অর্থায়নে পরিচালিত নেপিয়ার ঘাসবিষয়ক গবেষণার তথ্য-উপাত্ত ব্যবহার করে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নাম আন্তর্জাতিক প্রকাশনায় যুক্ত করা হয়েছে। অথচ এ ধরনের সহযোগিতার প্রাতিষ্ঠানিক ভিত্তি, অনুমোদন এবং গবেষণার তথ্য ব্যবহারের অধিকার সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা নেই।
অনুসন্ধান ও জবাবদিহিতা বিভাগ । নিজস্ব প্রতিবেদক
সরকারি অর্থায়নে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালিত গবেষণার তথ্য-উপাত্ত আন্তর্জাতিক গবেষণাপত্রে ব্যবহার, বিদেশি গবেষকদের সম্পৃক্ততা, স্থানীয় বিজ্ঞানীদের অবদানের স্বীকৃতি এবং আন্তর্জাতিক সেমিনারের অর্থায়ন নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, কোনো আনুষ্ঠানিক সমঝোতা স্মারক বা প্রাতিষ্ঠানিক চুক্তির বিষয়টি স্পষ্ট না করেই বিএলআরআইয়ের গবেষণার তথ্য ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, গবেষণায় প্রত্যক্ষভাবে যুক্ত বিজ্ঞানীদের নাম বাদ পড়েছে গুরুত্বপূর্ণ প্রকাশনা ও প্রচারসামগ্রী থেকে।
বিশেষ করে, চলতি বছরের গত ২০ মে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ গবেষণা প্রদর্শনীতে’ উপস্থাপিত গবেষণা নিয়ে বিএলআরআইয়ের একাধিক বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে অসন্তোষ তৈরি হয়।
অনুষ্ঠানে বিতরণ করা‘নেপিয়ার ঘাস বিষয়ক প্রযুক্তিগত নোট’ শীর্ষক লিফলেটে সংশ্লিষ্ট গবেষকদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি বলেও গুরুতর অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, বিএলআরআইয়ের নিজস্ব রাজস্ব অর্থায়নে পরিচালিত নেপিয়ার ঘাসবিষয়ক গবেষণার তথ্য-উপাত্ত ব্যবহার করে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নাম আন্তর্জাতিক প্রকাশনায় যুক্ত করা হয়েছে। অথচ এ ধরনের সহযোগিতার প্রাতিষ্ঠানিক ভিত্তি, অনুমোদন এবং গবেষণার তথ্য ব্যবহারের অধিকার সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা নেই।
২০১৮ সালে শুরু নেপিয়ার ঘাস বিষয়ক গবেষণা সহযোগিতা। প্রাপ্ত তথ্য বলছে, ২০১৮ সালের কোনো এক সময়ে ড. রফিকুল ইসলাম বাংলাদেশ সফরে এসে বিএলআরআইয়ের তৎকালীন মহাপরিচালক ড. নাথুরাম সরকারের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্মসচিব কাজী ওয়াছি উদ্দিনের সঙ্গে পরিচিত হন। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্পর্ক গড়ে ওঠে বলে সংশ্লিষ্টদের দাবি।
অভিযোগ রয়েছে, ওই প্রশাসনিক যোগাযোগের সূত্র ধরে ড. রফিকুল ইসলাম বিএলআরআইয়ের সঙ্গে নেপিয়ার ঘাসবিষয়ক গবেষণা কার্যক্রমে যুক্ত হন। এ কাজে বিএলআরআইয়ের তৎকালীন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিপ্লব কুমার রায়কে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়। পশুখাদ্য বা ফডার গবেষণায় অভিজ্ঞ হওয়ায় তাঁকে এ গবেষণার দায়িত্বে যুক্ত করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএলআরআইয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, অস্ট্রেলিয়ায় অবস্থান করেও ড. রফিকুল ইসলাম তৎকালীন প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের ওপর প্রভাব বিস্তার এবং গবেষণার কাজের নির্দেশনা দেয়ার চেষ্টা করেন। তৎকালীন যুগ্মসচিব ওয়াছি উদ্দিনকে বিএলআরআইয়ের গবেষণা প্লট পরিদর্শনেও দেখা গেছে বলে তাঁদের দাবি।
তবে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের আনুষ্ঠানিক দায়িত্ব, অনুমোদন ও ভূমিকা কী ছিল, তা নথিপত্রের মাধ্যমে যাচাই করলেই প্রকৃত ঘটনা আড়াল থেকে বের হয়ে আসবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
গবেষণার ব্যবস্থাপনা ও কর্তৃত্ব নিয়ে প্রশ্ন:
ড. রফিকুল ইসলাম অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্যামেরুন ক্লার্ককে গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করেন। তাঁদের দাবি, বিএলআরআইয়ের বিজ্ঞানীদের সংগৃহীত গবেষণাতথ্য এবং গবেষণার প্রাথমিক ধারণা ব্যবহার করে পরবর্তী সময়ে বিভিন্ন গবেষণাপত্র প্রকাশ করা হয়।
এদিকে, ড. খায়রুল বাসারের ভূমিকা নিয়েও প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্র মতে, ২০২৩ সালের শেষ দিকে জার্মানিতে থিসিস জমা দিয়ে দেশে ফিরে কর্মস্থলে যোগদানের পর তিনি নেপিয়ার ঘাস বিষয়ক গবেষণার একটি পূর্বপ্রস্তুত খসড়া প্রতিবেদন সম্পাদনার দায়িত্ব পান। ড. বিপ্লব কুমার রায় তাঁকে এ দায়িত্ব দিয়েছিলেন।
অভিযোগ রয়েছে, ওই প্রতিবেদন সম্পাদনার সূত্র ধরে ড. খায়রুল বাসারের সঙ্গে অস্ট্রেলিয়ায় অবস্থানরত ড. রফিকুল ইসলামের যোগাযোগ বাড়তে থাকে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রমের ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণে ড. খায়রুল বাসারের প্রভাব বৃদ্ধি পায় বলে বিএলআরআইয়ের কয়েকজন বিজ্ঞানী ও কর্মকর্তার দাবি।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের গবেষণা কার্যক্রমে প্রত্যক্ষভাবে যুক্ত বিজ্ঞানীদের যথাযথভাবে সম্পৃক্ত না করে পরবর্তী সময়ে দায়িত্ব ও কর্তৃত্বের ভারসাম্য পরিবর্তন করা হয়েছে। তবে এ অভিযোগের সত্যতা নির্ধারণে গবেষণার দায়িত্ব বণ্টন, প্রকল্পের কার্যবিবরণী, অনুমোদন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা জরুরি।
গবেষণায় অবদানের স্বীকৃতি পেলেন না সংশ্লিষ্ট বিজ্ঞানীরা-
বিতর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো গত ২০ মে ‘‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ গবেষণা প্রদর্শনী’র অনুষ্ঠানে ড. খায়রুল বাসার ‘পরিবেশগতভাবে টেকসই ও সাশ্রয়ী গরুর মাংস উৎপাদন: ব্যবহারিক সমাধান এবং অংশীদারত্ব’ শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। সেখানে ব্যবহৃত তথ্য-উপাত্তের উল্লেখযোগ্য অংশ ২০১৮ সাল থেকে বিএলআরআইয়ে পরিচালিত গবেষণার মাধ্যমে সংগৃহীত। ফলে দীর্ঘদিন ধরে গবেষণার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ড. বিপ্লব কুমার রায়ের পরিবর্তে অন্য একজন গবেষক কেন গবেষণাপত্রটি উপস্থাপন করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তাঁদের মতে, গবেষণাপত্র উপস্থাপনের আগে সংশ্লিষ্ট গবেষকদের সঙ্গে যথাযথ আলোচনা, সম্মতি এবং তাঁদের অবদানের স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন ছিল।
এ ছাড়া অনুষ্ঠানে বিতরণ করা ‘নেপিয়ার ঘাস বিষয়ক প্রযুক্তিগত নোট’ শীর্ষক লিফলেটে ড. বিপ্লব কুমার রায়ের নাম না থাকার বিষয়টিও ক্ষোভের সৃষ্টি করেছে।
সংশ্লিষ্ট বিজ্ঞানীদের প্রশ্ন, যে গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহ ও গবেষণার বিভিন্ন পর্যায়ে বিএলআরআইয়ের বিজ্ঞানীরা কাজ করেছেন, সেই গবেষণার ফলাফল আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন ও প্রচারের সময় তাঁদের অবদান যথাযথভাবে স্বীকার করা হলো না কেন?
একই সঙ্গে, অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নে বিএলআরআইয়ের জ্যেষ্ঠ বিজ্ঞানীদের যথাযথভাবে সম্পৃক্ত না করে অপেক্ষাকৃত জুনিয়র বিজ্ঞানীদের বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগও উঠেছে।
আন্তর্জাতিক সহযোগিতার চুক্তি ও অনুমোদন কোথায়?
বিএলআরআইয়ের গবেষণা কার্যক্রমে বিদেশি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অংশগ্রহণ নিয়ে কয়েকটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, সংশ্লিষ্ট গবেষণার জন্য বিএলআরআই ও অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো সমঝোতা স্মারক,লেটার অব অ্যাগ্রিমেন্ট অর্থাৎ আনুষ্ঠানিক গবেষণা চুক্তি ছিল কি না?
দ্বিতীয়ত, সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণার তথ্য-উপাত্ত বিদেশি গবেষকদের ব্যবহারের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছিল কি না?
তৃতীয়ত, গবেষণার ফলাফল আন্তর্জাতিক জার্নালে প্রকাশের ক্ষেত্রে গবেষকদের অবদান নির্ধারণ এবং লেখক হিসেবে নাম অন্তর্ভুক্তির বিষয়ে কোনো স্বীকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছিল কি না?
চতুর্থত, গবেষণার তথ্য, ফলাফল, প্রকাশনা-স্বত্ব এবং সংশ্লিষ্ট মেধাস্বত্বের মালিকানা কার—তা নির্ধারণে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ছিল কি না?
গবেষণার নৈতিকতা ও আন্তর্জাতিক প্রকাশনার প্রচলিত নীতিমালা অনুযায়ী এসব প্রশ্নের সুস্পষ্ট জবাব থাকা প্রয়োজন।
ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সেমিনারের অর্থায়ন নিয়েও প্রশ্ন
গত ২০ মে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ গবেষণা প্রদর্শনী’- আয়োজনের ব্যয়ভার কে বহন করেছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডেপুটি ডিরেক্টর ড. ক্যামেরুন ক্লার্ক সেমিনারের ব্যয়ভার বহন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে তিনি ব্যক্তিগতভাবে, নাকি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অর্থায়ন করেছেন, তা এখনো স্পষ্ট নয়।
এ ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ:
১।সেমিনারের অর্থায়ন কি ব্যক্তিগত অনুদান, নাকি প্রাতিষ্ঠানিক সহায়তা ছিল?
২।অর্থ সরাসরি বাংলাদেশে পাঠানো হয়েছিল, নাকি হোটেল বা ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে বিদেশ থেকে পরিশোধ করা হয়েছিল?
৩। অর্থ গ্রহণের ক্ষেত্রে বিএলআরআই বা সংশ্লিষ্ট আয়োজক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অনুমোদন ছিল কি না?
৪। সেমিনারের জন্য অনুমোদিত বাজেট ও ব্যয়ের হিসাব সংরক্ষণ করা হয়েছে কি না?
৫।হোটেল ভাড়া, আপ্যায়ন, যাতায়াত, প্রচারসামগ্রীসহ অন্যান্য ব্যয়ের বিল-ভাউচার রয়েছে কি না?
৬।বিদেশি অর্থায়নের বিপরীতে গবেষণার তথ্য ব্যবহার, প্রকাশনা-স্বত্ব কিংবা অন্য কোনো বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা হয়েছিল কি না?
সংশ্লিষ্টদের মতে, একটি সরকারি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হলে অর্থায়নের উৎস, অর্থ গ্রহণের পদ্ধতি, ব্যয়ের হিসাব এবং প্রাতিষ্ঠানিক অনুমোদনের বিষয়গুলো অবশ্যই স্বচ্ছ ও নথিভুক্ত থাকা প্রয়োজন।
প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগ-
বিএলআরআইয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, ড. রফিকুল ইসলাম অতীতেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এ ক্ষেত্রে সাবেক যুগ্মসচিব ও পরবর্তীতে সচিব ওয়াছি উদ্দিন এবং সাবেক সচিব রওনক মাহমুদের নামও উঠে এসেছে বিতর্কের তালিকায়।
অভিযোগ উঠেছে, অস্ট্রেলিয়ার অধ্যাপক ড. ক্যামেরুন ক্লার্কের সঙ্গে একাডেমিক ও পেশাগত সম্পর্ককে কাজে লাগিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। তাঁদের আশঙ্কা, এর মাধ্যমে বিএলআরআইয়ের বর্তমান মহাপরিচালকের পদে বহাল থাকার বিষয়ে সমর্থন আদায়ের চেষ্টা থাকতে পারে।
তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে তথ্য যাচাই করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কেউ মন্তব্য করতে চাননি।
নিরপেক্ষ তদন্তের দাবি
বিএলআরআইয়ের গবেষণার তথ্য-উপাত্ত ব্যবহার, আন্তর্জাতিক প্রকাশনায় গবেষকদের নাম অন্তর্ভুক্তি, গবেষণার ফলাফল প্রচার এবং সেমিনারের অর্থায়ন—সবকিছু মিলিয়ে একটি সরকারি গবেষণা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন সামনে এসেছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহলের দাবি, ২০১৮ সাল থেকে পরিচালিত নেপিয়ার ঘাসবিষয়ক গবেষণার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত পূর্ণাঙ্গ নথিপত্র পর্যালোচনা করে নিরপেক্ষ তদন্ত করা হোক।
তদন্তের আওতায় যেসব বিষয় আসা প্রয়োজন:
১।বিএলআরআই ও অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা ছিল কি না।
২। গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে কারা দায়িত্ব পালন করেছেন।
৩। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে লেখক নির্বাচনের ভিত্তি ও অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়েছে কি না।
৪। ২০ মের সেমিনারের অর্থায়নের উৎস, অনুমোদন ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব।
৫। ‘নেপিয়ার ঘাস বিষয়ক প্রযুক্তিগত নোট’ প্রকাশ ও বিতরণের ক্ষেত্রে গবেষকদের নাম অন্তর্ভুক্তির নীতিমালা অনুসরণ করা হয়েছিল কি না।
৬।গবেষণার ব্যবস্থাপনা ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কোনো ধরনের অনিয়ম বা অযাচিত প্রভাব বিস্তার হয়েছিল কি না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকারি অর্থে পরিচালিত গবেষণার ফলাফল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক কৃতিত্বে পরিণত হওয়ার সুযোগ থাকা উচিত নয়। একইভাবে, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নামে প্রাতিষ্ঠানিক নিয়ম, গবেষণার নৈতিকতা এবং বিজ্ঞানীদের ন্যায্য স্বীকৃতি উপেক্ষিত হলে তার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বিএলআরআইয়ের গবেষণার স্বচ্ছতা, বিজ্ঞানীদের অধিকার এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহারের স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের কাছে এখন সবচেয়ে বড় প্রত্যাশা—অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় নথিপত্রের ভিত্তিতে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরা।
