ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে পরিবর্তিত হচ্ছে নিরাপত্তা কৌশল
গোপালগঞ্জে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল, সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ও জনমনে আতঙ্ক বিরাজ করছে। গত ১০ নভেম্বর থেকে কয়েক দফায় এসব সহিংস ঘটনা ঘটে। সর্বশেষ রোববার (১৫ নভেম্বর) সকালেও জেলা শহরে লাঠি ও লগি-বৈঠা নিয়ে মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর, সুপারশপে হামলা এবং বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে সহিংসতা-ভাঙচুরের পর নিরাপত্তা জোরদার, পরিস্থিতি তদারকিতে ঢাকা রেঞ্জের ডিআইজি
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল, সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ও জনমনে আতঙ্ক বিরাজ করছে। গত ১০ নভেম্বর থেকে কয়েক দফায় এসব সহিংস ঘটনা ঘটে। সর্বশেষ রোববার (১৫ নভেম্বর) সকালেও জেলা শহরে লাঠি ও লগি-বৈঠা নিয়ে মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর, সুপারশপে হামলা এবং বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এমন পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি স্থাপনাসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি সরেজমিনে তদারকি করতে গত ১৩ নভেম্বর থেকে গোপালগঞ্জে অবস্থান করছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান।
গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ার ও কাঠে আগুন, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। টুঙ্গিপাড়ায় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। এ সময় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। কয়েকটি দোকান ও রাজনৈতিক কার্যালয়েও ভাঙচুরের খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
পরবর্তীতে গত ১০ নভেম্বরের সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ থেকে ৪০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
১৪ নভেম্বর টুঙ্গিপাড়ার বর্ণি ও কুশলী ইউনিয়নে মিছিলের সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। একই রাতে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায়ও মিছিল বের করা হয়। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সর্বশেষ ১৫ নভেম্বর রোববার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে প্রবেশ করেন। দুপুরের দিকে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় একটি সুপারশপের কাচ ভাঙচুর, বিভিন্ন স্থানে টায়ার ও কাঠে আগুন এবং জুলাই স্মৃতিসৌধ ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। পরিস্থিতির কারণে শহরের অনেক দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়।
এমন ধারাবাহিক সহিংসতার প্রেক্ষাপটে গত ১৩ নভেম্বর থেকে গোপালগঞ্জে সশরীরে অবস্থান করে সার্বিক পরিস্থিতি তদারকি করছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। রোববার জেলার নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। কোনো ধরনের ভাঙচুর বা ক্ষয়ক্ষতি ছাড়াই পুলিশের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তিনি বলেন, গোপালগঞ্জের পুলিশ সুপার ও ঢাকা রেঞ্জের ডিআইজি সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি অন্য জেলা থেকে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ও ফোর্স এনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ডিআইজি আরও বলেন, থ্রেট অ্যাসেসমেন্ট বা ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে প্রতিনিয়ত নিরাপত্তা কৌশল পরিবর্তন করা হচ্ছে। পরিস্থিতির ধরন বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সরকারি স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতেও নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা করে যাবে।
সাংবাদিকদের ব্রিফিংয়ে যশোর রিজিয়নের (দক্ষিণ-পশ্চিম রিজিয়ন) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান (পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি), জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, এবং বাংলাদেশ আনসার ও বাংলাদেশ জেলসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান,সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি সম্পদ রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার আস্থা ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
